জ্যেষ্ঠতার ভিত্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান হওয়ার কথা থাকলেও সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আহসানুল হাদীকে দায়িত্ব দেওয়া হয়নি। কোনো সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই ‘জুলাই-বিরোধী’ আখ্যা দিয়ে তাঁকে বিভাগীয় প্রধানের পদ থেকে বিরত রাখা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।
বিভাগীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের শিক্ষকতা, একাডেমিক যোগ্যতা কিংবা শিক্ষার্থীদের সঙ্গে সুসম্পর্কের ক্ষেত্রে ড. আহসানুল হাদীর বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না। তবে চেয়ারম্যান নিয়োগের প্রক্রিয়া চলাকালে অজ্ঞাতনামা একটি চিঠিকে কেন্দ্র করে তাঁর বিরুদ্ধে জুলাই আন্দোলনের বিরোধিতা, শিক্ষার্থীদের বিরুদ্ধে লিফলেট বিতরণ এবং ক্ষমতাচ্যুত সরকারের পক্ষে অবস্থানের অভিযোগ তোলা হয়। এমনকি তাঁকে চেয়ারম্যান করা হলে ক্যাম্পাসে অপ্রীতিকর পরিস্থিতি বা ‘মব’ সৃষ্টি হতে পারে – এমন আশঙ্কার কথাও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হয়।
তবে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের দাবি, এসব অভিযোগের পক্ষে এখন পর্যন্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি। শিক্ষার্থীদের ভাষ্যমতে, ড. আহসানুল হাদী বিভাগের অন্যতম শান্ত ও শিক্ষার্থীবান্ধব শিক্ষক। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় তিনি শিক্ষা ও গবেষণার কাজে ইরানে অবস্থান করলেও দেশে ফিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্র-জনতার ওপর হামলার বিচার দাবি করেছিলেন। পরবর্তীতে বিভাগে আয়োজিত ‘জুলাইয়ের স্মৃতিচারণা’ শীর্ষক অনুষ্ঠানেও তিনি সভাপতিত্ব করেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভাগের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা এই ঘটনার প্রতিবাদ জানিয়ে লিখেছেন, শিক্ষকদের অভ্যন্তরীণ রাজনীতি এবং একটি মহলের উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের শিকার হয়েছেন ড. আহসানুল হাদী। কোনো যাচাই-বাছাই ছাড়াই অজ্ঞাত চিঠির ভিত্তিতে একজন জ্যেষ্ঠ শিক্ষককে প্রাপ্য প্রশাসনিক দায়িত্ব থেকে বঞ্চিত করা বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়মের পরিপন্থী বলেও মন্তব্য করেছেন অনেকে।
এদিকে, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগে নিয়মিত চেয়ারম্যান নিয়োগ না হওয়ায় বর্তমানে কলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার বিভাগটির প্রশাসনিক দায়িত্ব পালন করছেন।
