মুন্সীগঞ্জের শ্রীনগরে এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে স্থানীয় একটি মসজিদের ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৩ নভেম্বর) শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম রেজাউল বারী। তিনি শ্রীনগরের ওই মসজিদে প্রায় ২৫ বছর ধরে ইমামতি করে আসছেন।
ভুক্তভোগী কিশোরীর স্বজনদের সূত্রে জানা গেছে, ইমাম রেজাউল বারী ‘জ্বিনের আছরের’ চিকিৎসা বা ঝাড়ফুঁক করেন। কিশোরীর এমন সমস্যা হয়েছে ভেবে কিছুদিন আগে তার পরিবার ওই ইমামের শরণাপন্ন হয়। এরই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার রাতে বাবা-মায়ের সঙ্গে ইমামের বাড়িতে যায় কিশোরী। এ সময় চিকিৎসার কথা বলে মেয়েটিকে একটি আলাদা কক্ষে নিয়ে ধর্ষণের চেষ্টা চালান রেজাউল বারী।
ঘটনার পরপরই ভুক্তভোগীর পরিবার শ্রীনগর থানায় গিয়ে অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত ইমামকে আটক করে পুলিশ।
শ্রীনগর থানার ওসি মোহাম্মদ জুয়েল মিঞা জানান, এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। ওই মামলায় অভিযুক্ত রেজাউল বারীকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এদিকে, এ বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আশরাফ হোসেন মিলন বলেন, “ইমামের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠার পরপরই মসজিদ কমিটির জরুরি সভা ডাকা হয়েছে। সভায় আলোচনা করে তার বিষয়ে পরবর্তী করণীয় ও সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হবে।”
