আজ আশুলিয়ার জিরাবো এলাকার অরুণিমা গ্রুপের তিনটি, নিশ্চিন্তপুরের নিউএজ গ্রুপের তিনটি এবং সাভারের হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকার জিন্স ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে।
চলমান শ্রমিক অসন্তোষের জেরে সাভার ও আশুলিয়ার নয়টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী বুধ ও বৃহস্পতিবার – এই দুই দিনে কারখানাগুলো বন্ধের সিদ্ধান্ত নেন মালিকরা। পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ জানিয়েছে, বন্ধ হওয়া এসব কারখানায় প্রায় ২০ হাজার শ্রমিক কর্মরত রয়েছেন।
এদিকে, বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুই শতাধিক কারখানায় শ্রমিকরা কাজে যোগ না দেওয়ায় সেগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। উদ্ভূত পরিস্থিতিতে আশুলিয়া অঞ্চলের সব কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার বিষয়েও ভাবছেন মালিকরা।
শ্রম মন্ত্রণালয়ের আওতাধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (ডিআইএফই) এবং বিজিএমইএ সূত্রে জানা গেছে, অনির্দিষ্টকালের জন্য বন্ধ হওয়া কারখানাগুলো হলো—এম এম নিটওয়্যার, অরুণিমা স্পোর্টসওয়্যার, নিউএজ অ্যাপারেলস, নিউএজ গার্মেন্টস, কাইলক নিউএজ বিডি লিমিটেড, তিতাস সোয়েটার্স, মামুন নিটওয়্যার, ডিএমসি অ্যাপারেলস এবং ডিএমসি ওয়াশিং লিমিটেড। ইতোমধ্যে এসব কারখানার মূল ফটকে শ্রম আইনের ১৩(১) ধারায় বন্ধের নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছে।
বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারায় বলা হয়েছে, কোনো প্রতিষ্ঠানের শাখা বা বিভাগে বেআইনি ধর্মঘট শুরু হলে মালিকপক্ষ সম্পূর্ণ বা আংশিকভাবে প্রতিষ্ঠানটি বন্ধ করে দিতে পারবে। আর এমন ধর্মঘটে অংশগ্রহণকারী শ্রমিকরা কারখানা বন্ধ থাকাকালীন সময়ের জন্য কোনো মজুরি পাবেন না।
এ বিষয়ে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু টিবিএসকে বলেন, “দিনের পর দিন কারখানা খোলা রাখার পরও শ্রমিকরা কাজ না করায় মালিকরা বাধ্য হয়ে ১৩(১) ধারা অনুযায়ী কারখানা বন্ধ রাখছেন।” তবে পরিস্থিতি স্বাভাবিক হলে কারখানাগুলো পুনরায় উৎপাদনে ফিরবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
অন্যদিকে, নাম প্রকাশ না করার শর্তে বিজিএমইএ’র এক নেতা টিবিএসকে জানান, আগামী শনিবারের মধ্যে পরিস্থিতির উন্নতি না হলে আরও বড় সংখ্যক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়ার পরিকল্পনা রয়েছে মালিকদের।
কারখানা বন্ধের বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া গণমাধ্যমকে জানান, কারখানা কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে এবং পরিস্থিতি শান্ত হলে সেগুলো আবার খুলে দেওয়া হবে।
তবে আইনের এই ধারা প্রয়োগের বিষয়ে সতর্ক করেছেন বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু। তিনি বলেন, “এই ধারা শ্রমিক অসন্তোষ আরও উসকে দিতে পারে। কারণ, এর আওতায় কারখানা বন্ধ থাকলে শ্রমিকরা কোনো মজুরি পান না।”
সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তারিকুল ইসলাম বেলা সাড়ে ১১টার দিকে গণমাধ্যমকে জানান, আজও তিন-চারটি কারখানার শ্রমিকরা কাজ না করেই কর্মস্থল ত্যাগ করেছেন। তবে এলাকার বড় কারখানাগুলোতে উৎপাদন স্বাভাবিক রয়েছে এবং সামগ্রিক পরিস্থিতি এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আছে।
