সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী: নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন লাগার পেছনে শর্টসার্কিটের সম্ভাবনাই বেশি

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনাটি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ঘটে থাকতে পারে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে অধিকতর তদন্তে নাশকতামূলক কর্মকাণ্ডের প্রমাণ মিললে সরকার সে অনুযায়ী ব্যবস্থা নেবে বলেও আশ্বস্ত করেন তিনি।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ওই বাড়িতে আগুন লেগেছে নাকি কেউ লাগিয়ে দিয়েছে, তা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। বিজিবি, ফায়ার সার্ভিস, প্রশাসন ও পুলিশ যৌথভাবে এই ঘটনার তদন্ত করবে।

এর আগে সংসদে পয়েন্ট অব অর্ডারে বিষয়টি উত্থাপন করেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তাঁর অভিযোগ, চারটি পেট্রলবোমা নিক্ষেপ করে নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।

বিরোধীদলীয় চিফ হুইপের এমন বক্তব্যের জবাবে বিজিবির প্রাথমিক তদন্ত প্রতিবেদনের তথ্য তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ঘটনাস্থলের আলামত, স্থানীয় বাসিন্দা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কথা বলে পেট্রলবোমা বিস্ফোরণের কোনো শব্দ বা বাড়ির দেয়ালে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এমনকি কোনো সাক্ষীও পেট্রলবোমা হামলার তথ্য দেননি। তাই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এখানে পেট্রলবোমা ব্যবহৃত হয়নি।

ঘটনার বিবরণ দিয়ে সালাহউদ্দিন আহমদ জানান, সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়ির একটি টিনশেড আধা পাকা ঘরে এই আগুন লাগে, যার ২০ মিটার দূরেই একটি তিনতলা ভবনে তাঁর মা – বাবা বসবাস করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও উল্লেখ করেন, ছবি, অডিও ও ভিডিওসহ সংগৃহীত আলামত বিশ্লেষণে দেখা গেছে – বাড়িটি পুরোনো হওয়ায় এর বৈদ্যুতিক সংযোগ (ওয়্যারিং) দুর্বল ছিল। একটি ছবিতে শর্টসার্কিটের মতো আলামতও দেখা গেছে। তবে এটি এখনো অনুমাননির্ভর; চূড়ান্ত তদন্ত প্রতিবেদন হাতে পেলে এ বিষয়ে পূর্ণাঙ্গ বক্তব্য দেওয়া সম্ভব হবে।

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী: নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন লাগার পেছনে শর্টসার্কিটের সম্ভাবনাই বেশি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to top
https://araplhn.org/4/f2608e94d73a27936ca55ae52623bda3