বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) প্রকাশ্যে চিত্রনায়ক ও চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে তোপের মুখে ফেলেছেন অভিনেতা হেলাল খান। গত রবিবার (১৫ নভেম্বর) এফডিসি প্রাঙ্গণে এই ঘটনা ঘটে। সে সময় জয় চৌধুরী পরিস্থিতি শান্ত করার বা বিষয়টি বোঝানোর চেষ্টা করলে হেলাল খান আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম এবং চলচ্চিত্র পাড়ায় ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। বিশেষ করে হেলাল খানের এমন আচরণ নিয়ে অনেকেই নেতিবাচক প্রতিক্রিয়া দেখাচ্ছেন।
কে এই হেলাল খান?
বর্তমান প্রজন্মের দর্শকদের অনেকের কাছেই হেলাল খান অপরিচিত নাম হলেও নব্বইয়ের দশকে তিনি ছিলেন ঢাকাই সিনেমার পরিচিত মুখ। ১৯৯৪ সালে গীতিকার ও প্রযোজক মাসুদ করিমের হাত ধরে ‘প্রিয় তুমি’ সিনেমার মাধ্যমে রূপালি পর্দায় তার অভিষেক ঘটে। পরবর্তীতে তিনি ‘বাজিগর’, ‘সাগরিকা’, ‘আশা আমার আশা’, ‘কুখ্যাত খুনি’, ‘হাছন রাজা’, ‘মমতাজ’ ও ‘জুয়াড়ি’সহ বেশ কিছু দর্শকপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেন।
বিশেষত ‘সাগরিকা’ সিনেমায় খলনায়কের চরিত্রে অভিনয় করে তিনি আলাদা নজর কেড়েছিলেন। এ ছাড়া ‘জুয়াড়ি’ চলচ্চিত্রে অভিনয়ের স্বীকৃতিস্বরূপ অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র প্রযোজনাও করেছেন তিনি। তবে দীর্ঘদিন ধরেই অভিনয় থেকে দূরে থাকা এই অভিনেতা বর্তমানে রাজনীতিতে বেশি সক্রিয়; তিনি জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) কেন্দ্রীয় আহ্বায়কের দায়িত্ব পালন করছেন।
সেদিন যা ঘটেছিল
মূলত এফডিসিতে আয়োজিত একটি মানববন্ধনকে কেন্দ্র করে এই অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে গত রবিবার এফডিসির প্রধান ফটকের সামনে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে চলচ্চিত্রসংশ্লিষ্টরা।
কর্মসূচিতে হেলাল খান ছাড়াও সংগীতশিল্পী ও সুরকার ইথুন বাবু, চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল, সংগীতশিল্পী দিঠি আনোয়ার এবং মৌসুমী চৌধুরীসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। কিন্তু সেদিন এফডিসিতে অবস্থান করা সত্ত্বেও জয় চৌধুরী এবং শিল্পী সমিতির কয়েকজন সদস্য ওই মানববন্ধনে অংশ নেননি। মূলত এ কারণেই জয় চৌধুরীর ওপর ক্ষিপ্ত হয়ে প্রকাশ্যে চড়াও হন হেলাল খান।
