রাজধানীর মিরপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টার দিকে মিরপুর-১৩ নম্বরের বৃহত্তর ময়মনসিংহ সমিতি ভবনে অবস্থিত ওই কার্যালয়ে এ হামলা চালানো হয়। এতে অন্তত দুই থেকে তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টার দিকে ১০০ থেকে ১৫০ জনের একটি দল লাঠি, ইট-পাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে ভবনটিতে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ভবনের সামনের কাচের দেয়াল এবং লিফটের চারপাশের ঘেরাও ভাঙচুর করে। ঘটনার পরপরই ভবনের প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয় এবং সেখানে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অবস্থান নেন।
হামলার বিষয়ে শফিকুল ইসলাম খান মিল্টনের কার্যালয়ের দফতর সম্পাদক মোহাম্মদ মামুন পাটোয়ারী জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত এক সপ্তাহ ধরেই তারা সম্ভাব্য হামলার আশঙ্কায় সতর্ক ছিলেন। এ কারণে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম খান মিল্টন ও সদস্যসচিবের নির্দেশনায় নেতাকর্মীরা নিজ নিজ এলাকায় ও ওই ভবনে অবস্থান করছিলেন।
মামুন পাটোয়ারী অভিযোগ করে বলেন, সকাল ৮টা ৫৫ মিনিটের দিকে ২০-২৫ জন পুরুষ ও শতাধিক নারী ইট-পাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে কার্যালয়ে অবস্থানরত লোকজনের ওপর আক্রমণ চালান। পুলিশকে খবর দেওয়া হলেও হামলার মূল তাণ্ডব শেষ হওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় বলে তিনি দাবি করেন। তার মতে, আশপাশের অন্য স্থাপনার চেয়ে তাদের কার্যালয়েই বেশি ভাঙচুর হওয়ায় এবং ভবনে থাকা মিল্টনের ছবিগুলো নষ্ট করায় এটি স্পষ্ট যে—হামলাটি মূলত শফিকুল ইসলাম খান মিল্টনকে লক্ষ্য করেই চালানো হয়েছে। সম্প্রতি ফুটপাত দখলমুক্ত করতে চালানো উচ্ছেদ অভিযান এ হামলার পেছনে অন্যতম কারণ হতে পারে বলে তিনি ধারণা করছেন।
ঘটনার পর ভবনটিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ বিষয়ে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, হামলার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এবং বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
